
মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারের ইসলামপুরের উত্তর নাপিতখালীতে জমি ও সীমানা বিরোধের জেরে মিন্টু (২৫) নামে এক সৌদি প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে নতুন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। আহত মিন্টু ওই এলাকার ওমর আলীর ছেলে। অভিযুক্ত হামলাকারী মুবিন একই এলাকার নুরুল আলমের ছেলে এবং ভুক্তভোগী মিন্টুর আপন চাচাতো ভাই। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওমর আলী ও তার ভাই নুরুল আলমের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে মিন্টু নতুন বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে মুবিন অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মিন্টুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার পরপরই হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী জানান, বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় এমন ন্যক্কারজনক সহিংসতা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 



















