
আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম (১৯) নামে এক যুবককে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা মারুফ বিন হাবিব তালুকদারকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা খোশালপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকরাম কোনাগাতী এলাকার মো. রহিম সরকারের ছেলে। রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আসামি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের খোশালপুর গয়হাট্টা এলাকার বাসিন্দা। মারুফের বাবা নুর মোহাম্মদ তালুকদার এবং মা মিনা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মারুফের বিরুদ্ধে একাধিক নারীকে বিয়ে করে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আসাব আলী জানান, দুপুরে আকরামকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে তিনি জানতে পেরেছেন। হত্যাকাণ্ডের পর মরদেহ বাড়ির ভেতরে পড়ে ছিল। এ সময় অভিযুক্ত মারুফ নিজের শয়নকক্ষে অবস্থান করছিলেন বলে স্থানীয়দের দাবি।
তিনি আরও জানান, সন্ধ্যায় মারুফের বাড়ির দরজা-জানালা বন্ধ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে বারবার ডাকাডাকি করেন। তবে বাড়ির ফটক না খোলায় গ্রামবাসী পুলিশকে খবর দেন। এ হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে আকরামকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে
প্রতিবেদকের নাম 


















