
এম, আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া-২ আসনে মীর শাহে আলম ফাউন্ডেশনের দুই দিনের কর্মসূচি, দ্বিতীয় দিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার।
“তারেক বাবার বেটি জাইমাক যেন আল্লাহ বহুদিন বাঁচে রাখে বাবা। হামরা গরিব মানুষ, ট্যাকার অভাবে চোখ কাটতে পাচ্চিনে। জাইমার অছিলায় আল্লাহ হামার চোখটা ভালো করে দিচ্ছে। আল্লাহ জাইমাক, তারেক বাবাক আর মীর শাহে আলমক ভালো রাখুক।”
কথাগুলো বলতে বলতে আবেগে গলা ধরে আসে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়ার। অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। অবশেষে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে তাঁর চোখেমুখে ফুটে উঠেছে স্বস্তি। চোখের পানিতে মিশে ছিল কৃতজ্ঞতা আর প্রিয়জনদের জন্য প্রাণভরা দোয়া।
শুধু লাভলী বেওয়া নন, একইভাবে আবেগাপ্লুত হয়ে দোয়া করেছেন সৈয়দপুর গ্রামের বৃদ্ধা সাহেদা ও নয়াপাড়া গ্রামের বৃদ্ধ কছিমদ্দিনসহ অসংখ্য মানুষ। অর্থাভাবে যাঁদের চোখের চিকিৎসা কিংবা ছানি অস্ত্রোপচার করানো সম্ভব হচ্ছিল না, তাঁদের কাছে এই উদ্যোগ হয়ে উঠেছে নতুন করে পৃথিবী দেখার আশার আলো।
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। দ্বিতীয় দিনে ৬০০ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার কর্মসূচি রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে দুই উপজেলার বিভিন্ন এলাকার রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাসেবা নেওয়া রোগীদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। এদিকে রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ৬০০ এর বেশি প্রতিভাবান ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার কথা রয়েছে।
মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারা দেশে সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, জামায়াত বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়েছে, কিন্তু ভোটের পর তাদের আর মানুষের পাশে দেখা যাচ্ছে না। তাঁর দাবি, জামায়াত নিজেদের কর্মীদের পাশাপাশি একজন ফকিরকেও ভিক্ষা দেয় না। যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তাঁরা এখন আফসোস করছেন। ভুল করে যারা ভোট দিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে পূজা নিয়ে অনেক কথা বলা হলেও এখন হিন্দু সম্প্রদায়ের খোঁজ নেওয়ার সময় তাদের পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, একটি পক্ষ ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়েও তাদের কোনো কথা নেই। তিনি বলেন, তারেক রহমান ইমাম মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।
মীর শাহে আলম বলেন, আমরা আমি ডামি নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই না। জনগণের কল্যাণে কাজ করেই পাঁচ বছর পর আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই, ইনশাআল্লাহ।’ আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানান তিনি।
চোখের আলো ফিরে পাওয়ার অপেক্ষা
যাঁদের কাছে চোখের অস্ত্রোপচারের খরচ জোগাড় করাই ছিল দুঃসাধ্য, তাঁদের অনেকের কাছে এই আয়োজন হয়ে উঠেছে নতুন করে পৃথিবী দেখার স্বপ্ন। লাভলী বেওয়ার মতো অসহায় মানুষের আকুতি মনে করিয়ে দেয়, দৃষ্টিশক্তি ফিরে পাওয়া শুধু চিকিৎসার বিষয় নয় এটি স্বাভাবিক জীবনে ফেরারও আশা।
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে মীর শাহে আলম ফাউন্ডেশন।
প্রতিবেদকের নাম 


















