
মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: বান্দরবানের সদ্য বিদায়ী লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিনকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা দিয়েছে লামা প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় লামা পৌরসভা সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন লামা প্রেসক্লাবের সহ-সভাপতি আদহাম বিন ইব্রাহিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মুহাম্মদ সুজন।
অনুষ্ঠানে লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সহ কার্যনির্বাহী কমিটির সকল স্তরের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বিদায়ী কর্মকর্তার সততা, কর্মদক্ষতা ও লামার উন্নয়নে তাঁর অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও মোঃ মঈন উদ্দিন আবেগপ্লুত কণ্ঠে বলেন, “আমি লামায় দীর্ঘ ১ বছর ৮ মাস ১০ দিন কর্মরত ছিলাম। সরকার আমাকে জনগণের সেবা করার জন্য পাঠিয়েছেন এবং আমি আমার কর্মকালীন সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছি সাধারণ মানুষের দ্বারে দ্বারে সরকারি সেবা পৌঁছে দিতে। কাজের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও পাহাড় ধসের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। একই সাথে জনবল সংকটের কারণে অতিরিক্ত একাধিক দপ্তর প্রধানের দায়িত্বও সমান দক্ষতায় সামলাতে হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার দপ্তর সবসময় লামার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কাজ করতে গিয়ে হয়তো কিছু ভুল-ত্রুটি হতে পারে। তবে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসেবীদের সহযোগিতায় আমি সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সকলের আন্তরিক সহযোগিতার কারণেই একসাথে ৭টি গুরুত্বপূর্ণ দপ্তরের গুরুদায়িত্ব সামলানো সম্ভব হয়েছে।”
লামাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, “লামার মানুষের থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ভালোবাসার সাথে অন্য কিছুর তুলনা হয় না। আমি সারাজীবন লামাবাসীর মঙ্গল ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করব।”
মোঃ ওবাইদুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী প্রীতি উপহার তুলে দেওয়া হয়। সর্বশেষে, বিদায়ী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিনের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর পেশাগত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিবেদকের নাম 



















