
এস. বিমল পাল, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা মেরুং ইউনিয়নের চংড়াছড়ি মহাযান লুরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ লুরি দাহক্রিয়া সম্পন্ন হয়েছে৷
আজ শুক্রবার (১৬ অক্টোবর ) দুপুর ২টার দিকে ধর্মীয় রীতি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় শত শত ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থেকে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
দাহক্রিয়া উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে বক্তব্য দেন দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুকন চাকমা এবং উল্টাছড়ি জনবল রাউলী বৌদ্ধ বিহারের উপদেষ্টা কমিটির সদস্য বাবু প্রীতি চাকমা । তাঁরা প্রয়াত দয়ানন্দ লুরির জীবন, আদর্শ ও অবদানের কথা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত ভক্ত-অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন চংড়াছড়ি মহাযান রাউলী বৌদ্ধ বিহারের একনিষ্ঠ দায়ক রুবেল চাকমা। তিনি প্রয়াত দয়ানন্দ লুরির স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনা ও তাঁর ধর্মীয় জীবনের নানা দিক তুলে ধরে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দাহক্রিয়ার আনুষ্ঠানিকতায় বৌদ্ধ ধর্মীয় মহাযান রীতি অনুসারে সুমনা নন্দ রাউলী বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন দানানুষ্ঠান পরিচালনা করেন। এ ছাড়া উপস্থিত ভক্তদের উদ্দেশে ধর্মদেশনা প্রদান করেন। পরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রয়াত দয়ানন্দ লুরির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।
প্রতিবেদকের নাম 


















