
আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি: সাংবাদিকতার চড়াই-উৎরাই পার করার এই দীর্ঘ পথচলায় কত মান মানুষের সাথে পরিচয় হয়! কিন্তু কিছু মানুষ থাকেন, যারা শুধুই সহকর্মী থাকেন না, হয়ে ওঠেন জীবনের সবচেয়ে বড় অভিভাবক ও পথের দিশারী। আমার শ্রদ্ধেয় আলাউদ্দিন ভাই ঠিক তেমনি একজন অনন্য ব্যক্তিত্ব। আলাউদ্দিন ভাইয়ের সাথে আমার পেশাগত ও ব্যক্তিগত পথচলার সূচনা ২০১৫ সালের ১৩ই নভেম্বর। তৎকালীন ‘দৈনিক ডোনেট বাংলাদেশ’ পত্রিকায় তিনি সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আর সেই সুবাদেই আমাদের আত্মিক সম্পর্কের গোড়াপত্তন।
রাজশাহী থেকে মাগুরার ভৌগোলিক দূরত্ব ১৭৭ কিলোমিটার হলেও, ভালোবাসার টানে আমাদের মনের দূরত্ব সবসময়ই শূন্য কিলোমিটার। পেশাগত খবরাখবর, বস্তুনিষ্ঠ প্রতিবেদনের সুখ-দুঃখের গল্প, জীবনের অর্জন কিংবা ভবিষ্যতের যেকোনো উন্নয়নমূলক পরিকল্পনা—সবকিছুই তাঁর সাথে ভাগাভাগি করে নেওয়া আমার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। পেশাদারিত্ব, অকৃত্রিম ব্যক্তিত্ব ও অসাধারণ সততার কারণে তিনি আমার কাছে একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং জীবনের অন্যতম শ্রেষ্ঠ অমূল্য সম্পদ।
সাংবাদিকতার দীর্ঘ ক্যারিয়ারে আলাউদ্দিন ভাই অসংখ্য নামকরা গণমাধ্যমে এডমিন, সম্পাদক, সহকারী সম্পাদক, উপদেষ্টা, ব্যুরো প্রধান ও মার্কেটিং অফিসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মেধা ও সুনামের ছাপ রেখেছেন। এখনও তিনি বেশ কিছু জাতীয় দৈনিক ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রটি যেন তাঁর হাতের এক জাদুকঠি! দেশের আনাচে-কানাচে থেকে তরুণ, সম্ভাবনাময় ও চৌকস সাংবাদিক খুঁজে বের করে তাদের গড়ে তুলতে তিনি প্রতিদিন সকাল-সন্ধ্যা নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁর হাত ধরে উঠে আসা নবাগত সাংবাদিকরা আজ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে সততার সাথে দায়িত্ব পালন করছেন। কালের কণ্ঠ, NTV, বাংলাদেশ প্রতিদিন, এটিএন বাংলা, মোহনা টেলিভিশন, দৈনিক ডেসটিনি, সকালের সময়, দৈনিক চৌকস, আজকের জনবাণী, দৈনিক জনবাণী ও জনকণ্ঠ-সহ বহু জাতীয় পত্রিকার প্রধান শাখায় যখন তাঁর শিষ্যদের সাফল্য দেখি, সত্যি গর্বে বুক ভরে যায়।
গণমাধ্যমের এই কঠিন ও চ্যালেঞ্জিং সময়ে নতুন প্রজন্মকে সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উদ্বুদ্ধ করার এই মহান ব্রত তিনি যেভাবে কাঁধে তুলে নিয়েছেন, তা এক কথায় বিরল। সততা, কর্মনিষ্ঠা ও নতুনদের পথ দেখানোর জন্য আলাউদ্দিন ভাইয়ের এই অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই কর্মময় ও আলোকিত পথচলা দীর্ঘ হোক—এটাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে নিরন্তর প্রার্থনা।
প্রতিবেদকের নাম 
























