
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৫৪ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে এ বছর ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। গাবতলীর বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনই অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে দুইজন এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। এ ছাড়া কাহালুর আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।
সব মিলিয়ে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এমন ফলাফলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে শিক্ষার্থীদের এমন ফলাফলের কারণ এবং এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 


















