
তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের অভিযানে প্রায় তিন লাখ টাকা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফিশারিঘাট এলাকার একটি কলোনির বাসায় চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির একটি কক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ও বিভিন্ন মূল্যমানের নোটে প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় আটক নারী নিজেই কক্ষের তালা খুলে দেন। পরে ওই কক্ষে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে আটক নারী একাধিকবার ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। কখনো তিনি বলেন, টাকাগুলো তার ভাগিনা রেখে গেছেন। আবার কখনো দাবি করেন, বাড়ির কাজের জন্য ভাইয়ের কাছ থেকে টাকা এনেছেন। তবে উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অভিযান পরিচালনাকারী এসআই মো. মোবারক হোসেন জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে ফিশারিঘাট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিষয়টি জানতে পারেন তারা। একই সঙ্গে গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে মাদক বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে, সম্প্রতি ফিশারিঘাট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিবেদকের নাম 



















