
এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলের পাঁচ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী মতবিনিময় সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) বগুড়া শহরতলীর ঐতিহ্যবাহী মম ইন কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী, বগুড়ার সিভিল সার্জন ডা. খোরশেদ আলম এবং টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ডা. মশিহুর রহমান এবং ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক ডা. মতিউর রহমান। দিনব্যাপী ওয়ার্কশপে উত্তরাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ, ঐতিহাসিক তথ্য-উপাত্ত সংরক্ষণ, প্রশাসনিক ও সাংস্কৃতিক গবেষণাকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গবেষণাভিত্তিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে উত্তরাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ইতিহাসচর্চা কেবল অতীতকে জানার বিষয় নয়; বরং একটি অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের আয়োজন উত্তরাঞ্চলের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 


















