
শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় খালের পানিতে ডুবে বাঁধন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাঁধন ওই গ্রামের মো. বাবু ও মোছা. রিনি বেগম দম্পতির একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাঁধন বাড়ির অদূরে একটি খালে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা তাকে খালের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















