
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় উদযাপিত হয়েছে জুলাই অভ্যুত্থান দিবস। ৫ আগস্ট (বুধবার) সকালে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আমি জুলাই আন্দোলনে সরাসরি কোনো ভূমিকা রাখিনি বা মাঠে নামিনি। তবে ৫ আগস্টের দুই দিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমরা তিনজন (একজনের নাম বলা যাবে না) আমার বাসায় বৈঠক করি। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি আন্দোলনে নেমেছিল, যা নিয়ে চিন্তায় আমার স্ত্রী কাঁদতেন। তিনি বলতেন, এভাবে চলতে থাকলে পুলিশ আমাদের বাসা ঘেরাও করবে। তবে এই জুলাই আন্দোলনই আজ আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান, কুমিল্লা মডার্ন হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার, এনসিপির কেন্দ্রীয় নেতা ও মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু রায়হানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদকের নাম 



















