
শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভরতপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশু হাসানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা। হাসান ছিল আব্দুল হাকিম ও জেয়াসমিন দম্পতির চতুর্থ সন্তান। যে বয়সে মায়ের আঁচল ধরে ছোটাছুটি করার কথা, উঠানে খেলতে খেলতে পুরো বাড়ি মাতিয়ে রাখার কথা—সেই বয়সেই নিথর হয়ে ফিরতে হলো ছোট্ট হাসানকে। বাড়ির পাশেই খেলছিল সে। পরিবারের সবার অগোচরে কখন যে পাশের পুকুরের পানিতে পড়ে যায়, তা কেউ বুঝতে পারেনি। কিছুক্ষণ পর হাসানকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার ফুপু পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান।
তাকে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক ছোট্ট হাসানকে মৃত ঘোষণা করেন। এই একটি ঘোষণা যেন মুহূর্তেই থামিয়ে দিয়েছে একটি পরিবারের সব হাসি। সন্তান হারানোর শোকে বাবা-মায়ের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে ভরতপুরের বাতাস। স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে এক হৃদয়বিদারক পরিবেশ। পরিবারের চতুর্থ সন্তান হাসানকে হারিয়ে শোকের সাগরে ডুবে আছে পুরো পরিবার। একটি অসতর্ক মুহূর্ত কেড়ে নিল একটি পরিবারের সবচেয়ে আদরের মুখটি। হাসানের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রতিবেদকের নাম 



















