
আহমেদ আক্তার রানা,কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। শুক্রবার (৩০ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়।উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুলাউড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
নবনির্মিত এ মডেল মসজিদটি তিনতলাবিশিষ্ট। প্রকল্পের নকশা অনুযায়ী এর আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। এখানে একসঙ্গে প্রায় ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। উপজেলা পর্যায়ের মডেল মসজিদ নির্মাণে প্রকল্পের নির্ধারিত ব্যয় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।
আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ মসজিদে ধর্মীয় ইবাদত-বন্দেগির পাশাপাশি ইসলামি শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এটি স্থানীয় মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কুলাউড়ায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মডেল মসজিদ চালু হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের নাম 


















