
শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কামরের মোড় থেকে মোহরকয়া গোরস্থান অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কটি এখন চরম খানাখন্দ, কাদা-পানি ও তীব্র দুর্গন্ধময় পরিবেশে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়া এবং স্থানীয় মহিষের খামারগুলোর বর্জ্য অনিয়মতান্ত্রিকভাবে রাস্তায় ফেলার কারণে বছরজুড়েই পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
সরজমিনে দেখা যায়, গ্রামীণ এই সড়কটির বিস্তীর্ণ অংশজুড়ে জমে রয়েছে নোংরা পানি ও প্যাচপ্যাচে কাদা। পিচ্ছিল রাস্তায় চাকার দেবে যাওয়া গভীর খাদ ও গর্ত পার হয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, বয়োবৃদ্ধ, স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয় যানবাহন। সামান্য বৃষ্টি কিংবা স্বাভাবিক সময়েও রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির দুই পাশে কয়েকজন প্রভাবশালী ও স্থানীয় বাসিন্দার মহিষের খামার রয়েছে। খামারগুলোর যাবতীয় গোবর, আবর্জনা ও বিষাক্ত ময়লা পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না রেখে তা সরাসরি রাস্তার ওপর ভাসিয়ে দেওয়া হয়। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধের পাশাপাশি ডেঙ্গুসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
স্থানীয় বাসিন্দা মো. ইয়াকিন আলী জানান, মোহরকয়া গোরস্থান অভিমুখী এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। বিশেষ করে বিলমাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে যাওয়া এবং মোহরকয়া কেন্দ্রীয় গোরস্থানে মরদেহ নিয়ে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম এই রাস্তাটি। অথচ বর্জ্যের কারণে এখন সেখানে হেঁটে চলাই দায়।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির পানি নিষ্কাশনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং খামারিদের বেপরোয়া বর্জ্য অপসারণ বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জনগণের দীর্ঘদিনের এই কষ্ট লাঘবে সড়কটি দ্রুত পাকা ও টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ।
প্রতিবেদকের নাম 
















