
মোঃ কামাল হোসেন, বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘা উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে শিমুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শমজান (৪০) নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিমুল জোতকপুর গ্রামের মো. মোস্তফার ছেলে এবং আহত শমজান একই গ্রামের নবীন শাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জোতকাদিরপুর স্কুল সংলগ্ন এলাকায় গরু চুরির সন্দেহে শিমুল ও শমজানকে আটক করে স্থানীয় এলাকাবাসী। একপর্যায়ে ক্ষুব্ধ জনতার মারধরে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিমুলের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় শমজানকে হেফাজতে নেয়।
বাঘা থানা পুলিশ জানায়, আহত শমজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া নিহত শিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। গরু চুরির অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার প্রেক্ষাপটে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য কঠোর অনুরোধ জানানো হয়েছে। কোনো এলাকায় অপরাধমূলক ঘটনা ঘটে থাকলে বা কাউকে সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তা নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকের নাম 

















