
মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিব এবং রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে রাসিক প্রশাসক নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন।
বৈঠকে রাজশাহী অঞ্চলের সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
উল্লেখ্য, ড. আ. ন. ম. বজলুর রশীদ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান। তিনি সচিব হিসেবে যোগদানের আগে দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইতিপূর্বে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
প্রতিবেদকের নাম 
















