
মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করার সময় একটি ভবনের ওপর থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার বাসিন্দা সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮)। তিনি মরহুম আহমদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ রাজানগরের দিঘীরপাড় এলাকায় একটি তিনতলা ভবনে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করছিলেন বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 



















