
মোবারক হোসাইন, কক্সবাজার জেলা
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার একটি বিশেষ টিম জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তেলিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে জিয়াবুল বশর (২৩) এবং হামিদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৩)।
পুলিশ তাদের কাছ থেকে মাদক সেবনের ৬টি নমনীয় পাইপ, ৪টি বোতলের ছিপি, একটি গ্যাস লাইটার এবং ৪ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি ফয়েল পেপার জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা (নং-১৪, তারিখ: ১৮-০৬-২০২৬) রুজু করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন সিআর পরোয়ানাভুক্ত আসামি রবিয়া বছরী ও জান্নাত আরা বেগম এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ বাশন্না।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় অপরাধের সাথে জড়িত সন্দেহে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার আনোয়ার হোসেন ও মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে বুধবার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়, “থানাকে মাদকমুক্ত রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই ‘জিরো টলারেন্স’ অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।”
প্রতিবেদকের নাম 


















