
মানিকগঞ্জ প্রতিনিধি, আল্ আমিন মোল্লা
আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। বিশেষ করে মেয়র পদে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এই দৌড়ে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা যুবদলের বর্তমান যুগ্ম-আহবায়ক মোঃ মাসুদ পারভেজ।
তৃণমূল থেকে উঠে আসা এই জনপ্রিয় ছাত্রনেতা ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ শুরু করেছেন। ‘পৌরবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণই হবে আমার মূল লক্ষ্য’—এই অঙ্গীকার নিয়ে তিনি মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং মাদকমুক্ত উন্নত শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন।
মোঃ মাসুদ পারভেজ দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতির সাথে জড়িত। জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের সময় তিনি রাজপথে সক্রিয় ভূমিকার মাধ্যমে সাধারণ ছাত্র ও তরুণদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। বর্তমানে জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
প্রচারণায় তিনি জোর দিচ্ছেন আধুনিক নগরায়ন ও পরিচ্ছন্ন পরিবেশের ওপর। তরুণ প্রজন্মের এই প্রতিনিধি মনে করেন, মানিকগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের যে নাগরিক সমস্যাগুলো রয়েছে, তা সুপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সমাধান করা সম্ভব।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোঃ মাসুদ পারভেজের ছবি সম্বলিত পোস্টার ও লিফলেট ইতোমধ্যে শহরের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। সেখানে তাকে ‘তারুণ্যের অহংকার, সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন রাজনীতিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার সমর্থকরা মনে করছেন, দলের হাইকমান্ড যদি তাকে সুযোগ দেয় এবং সাধারণ মানুষ যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে মানিকগঞ্জ পৌরসভা একটি আদর্শ আধুনিক নগরীতে পরিণত হবে।
মেয়রের প্রার্থীতার বিষয়ে মোঃ মাসুদ পারভেজ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেছি। পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন ও উন্নত শহর উপহার দিতেই আমি মেয়র প্রার্থী হতে চাই। জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে আমি আমার লক্ষ্য পূরণে সফল হব।”
আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে এই আগ্রহ কতটুকু ভোটর বাক্সে প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার বিষয়।
প্রতিবেদকের নাম 






















