
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে দিনভর পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ধুনটের বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ৭ জন, সিআর পরোয়ানাভুক্ত ৩ জন, একটি শিশু ধর্ষণ মামলার ১ জন এবং ১৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।
মাদক উদ্ধারের ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।”
গ্রেপ্তার আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 



















