
জিহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গণপরিবহনের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানে নেমেছে ট্রাফিক পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ রোববার (৭ জুন) রাজধানীর একটি ব্যস্ততম সড়কে অত্যন্ত জরাজীর্ণ ও লক্কড়ঝক্কড় অবস্থায় যাত্রী পরিবহন করা ‘ভূঁইয়া পরিবহন’-এর একটি বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, বাসটির পেছনের এবং প্বার্শবর্তী বডির অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও মরিচা ধরা। লোহার চাদরগুলো ভেঙে এমনভাবে ঝুলে রয়েছে যে, যেকোনো মুহূর্তে পথচারী বা অন্য কোনো যানবাহনের সঙ্গে লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এমনকি বাসের ভাঙা অংশগুলো কোনো রকমে লোহার তার দিয়ে বেঁধে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছিল, যা সাধারণ যাত্রী ও সড়কের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। ঝুঁকিপূর্ণ এই বাসটি রাস্তায় চলাচল করার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের নজরে আসে। তাৎক্ষণিকভাবে ট্রাফিক সার্জেন্ট বাসটিকে থামান এবং এর ফিটনেস ও কাগজপত্রের ত্রুটি থাকায় সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। অভিযান চলাকালীন বাসের চালক বা সংশ্লিষ্ট একজনকে আটক করতে দেখা যায়।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান, “সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। এই ধরনের লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার প্রধান কারণ। ভূঁইয়া পরিবহনের এই বাসটির বডির অবস্থা এতটাই নাজুক যে এটি রাস্তায় চলার অনুপযোগী। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে। সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও পথচারীরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা দাবি করেন, শুধু একটি বা দুটি গাড়ি নয়, ঢাকা শহরের বুক চিরে চলাচলকারী এমন সমস্ত অবৈধ ও ঝুঁকিপূর্ণ বাসের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হোক।
প্রতিবেদকের নাম 























