
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর শাখার উদ্যোগে একটি মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা থেকে র্যালিটি শুরু হয়ে তিনমাথা রেলগেট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বনানী, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন এবং জনসমাগমপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় পথচারীরা হাত নেড়ে র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী এবং প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন।
সমাবেশে খন্দকার হাবিবুল্লাহ বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং যুবসমাজের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করছে। একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ মাদকমুক্ত রাখতে সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তিনি কলেজ ক্যাম্পাসে মাদক সেবন ও বিক্রয় বন্ধে প্রশাসনের কার্যকর সহযোগিতাও কামনা করেন।
প্রতিবেদকের নাম 



















