
এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া শহরের সাতমাথা এলাকায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় ছবি দেখে শনাক্তের ভিত্তিতে মো. রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোরে গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এক ব্যক্তিকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে যেতে দেখা যায়। পরে ওই ব্যক্তির ছবি দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গাবতলী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাদিয়াদ গাবতলী উপজেলার কামারচট্র এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শাহিনুর প্রামাণিক। পুলিশ সূত্রের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে হেরোইন সেবনের অভিযোগও রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্য কয়েকটিতে তাঁকে তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
যেসব মামলার তথ্য পাওয়া গেছে
পুলিশের সরবরাহ করা তথ্য অনুযায়ী, রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণের বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে
বগুড়া সদর থানার অস্ত্র আইনের মামলা: ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি দায়ের করা এফআইআর নং-৫৬, জিআর নং-১৫৬। মামলাটি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় করা হয়। এ মামলায় ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি ১২০ নম্বর অভিযোগপত্র দাখিলের তথ্য রয়েছে।
গাবতলী থানার বিস্ফোরক ও দণ্ডবিধির মামলা: ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর দায়ের করা এফআইআর নং-১০, জিআর নং-২৩৯। বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৫ ও ৬ ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। এ মামলায় তাঁকে তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
গাবতলী থানার অস্ত্র আইনের মামলা: ২০২২ সালের ১৭ জানুয়ারি দায়ের করা এফআইআর নং-৬/৬। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় করা এ মামলায় ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ৪৬/২২ নম্বর অভিযোগপত্র দাখিলের তথ্য রয়েছে।
বগুড়া সদর থানার বিস্ফোরক ও দণ্ডবিধির মামলা: ২০২৫ সালের ২৬ মে দায়ের করা এফআইআর নং-৭৯, জিআর নং-৩৯৯। বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৫ ও ৬ ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা এ মামলায় তাঁকে তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 



















