
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার ধুমেরকুটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেম কাজী মাওলানা আজহারুল ইসলাম বাবুল (৭৪) আর নেই। কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৭ জুন) সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষাঙ্গন, ধর্মীয় অঙ্গন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
কাজী মাওলানা আজহারুল ইসলাম বাবুল দীর্ঘ কর্মজীবনে ধুমেরকুটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা বিস্তার ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সততা, নিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধের জন্য তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল রোববার সকাল ১০টায় ধুমেরকুটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
মরহুমের মৃত্যুতে স্থানীয় শিক্ষাবিদ, আলেম-ওলামা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
প্রতিবেদকের নাম 



















