
মোঃ কাইয়ুম হাসান,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ওজনে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ যৌথ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওজনে তেল কম দেওয়ার অভিযোগে লাহিড়ী ফিলিং স্টেশনের মালিক মোবারক হোসেনকে ১ লাখ টাকা, এস আর ট্রেডিংয়ের মালিক সুমন আলীকে ৫০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজের মালিক ইসমাইল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস। এ সময় বিএসটিআই দিনাজপুর কার্যালয়ের পরিদর্শক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং বাজারে কোনো ধরনের কারচুপি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 


















