
এন এস ফারুক. (স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর
রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানার সৌজন্য ও দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে তারাগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। রংপুর-০১ ও ০২ সংসদীয় আসন (গংগাচড়া, তারাগঞ্জ-বদরগঞ্জ) এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেন।
তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, রংপুর জেলা বিএনপির সদস্য ও রংপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান হাবীব খান (সাবু), সাবেক সভাপতি এডভোকেট মাকদুম আলম প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, “তৃণমূল বিএনপিই আমাদের দলের মূল শক্তি। দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে হবে। একই সাথে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই।”
উল্লেখ্য, মতবিনিময় সভার পূর্বে তিনি তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠান শেষ করেই তিনি বিএনপির রাজনৈতিক মতবিনিময় সভার কর্মসূচিতে যোগ দেন। এরপর কর্মসূচি শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য মতবিনিময় সভা করে তার তারাগঞ্জ সফর শেষ করেন।
প্রতিবেদকের নাম 


















