
মোঃ রাসেল, বিষেশ প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে বিশাল এলাকাজুড়ে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে লোকমান হোসেন নামের এক ব্যক্তিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় সাতকানিয়ার বাসিন্দা লোকমান হোসেন প্রায় ১০ একর প্রাকৃতিক পাহাড় কেটে সমতল করছিলেন। সেখানে অবৈধভাবে একটি নতুন ইটভাটা নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। নির্বিচারে পাহাড় কাটার ফলে স্থানীয় প্রাকৃতিক বন, জীববৈচিত্র্য এবং পাহাড়ি ঝিরির স্বাভাবিক পানির প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই ঘটনায় পরিবেশ বিপর্যয় ও ভূমিধসের আশঙ্কা প্রকাশ করে সম্প্রতি পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগের সত্যতা পেয়ে আজ লামা উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাহাড় কাটার অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত লোকমান হোসেনকে আটক করা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অবৈধ পাহাড় কাটা রোধে প্রশাসনের এই ধরনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
প্রতিবেদকের নাম 



















