
লিটন ত্রিপুরা রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় ত্রিপুরা জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে গর্ডেন ত্রিপুরাকে সভাপতি, আন্তনি ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং লাভের ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আজ রুমা উপজেলায় আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। রুমা উপজেলার এই কমিটি গঠনে বিশেষ ভূমিকা, দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করেন বান্দরবান থেকে আগত ত্রিপুরা সম্প্রদায়ের শীর্ষ নেতা অ্যাডভোকেট খুশীরায় ত্রিপুরা, সুকান্ত ত্রিপুরা এবং উজ্জ্বল ত্রিপুরা। একই সাথে নবগঠিত এই কমিটিতে নৌহ ত্রিপুরাকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং বিশ্বচন্দ্র ত্রিপুরাকে আইন ও ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি গর্ডেন ত্রিপুরা, সাধারণ সম্পাদক আন্তনি ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক লাভের ত্রিপুরা এক যৌথ বিবৃতিতে বলেন, “রুমা উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি এবং বিশেষ করে ভূমি অধিকার রক্ষা করা আমাদের প্রধান লক্ষ্য। সমাজ ও সম্প্রদায়ের মানুষ আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা আমরা সততা ও নিষ্ঠার সাথে পালন করব।” নেতৃবৃন্দ আরও জানান, নতুন এই কমিটি স্থানীয় পর্যায়ে ত্রিপুরা জনগোষ্ঠীর নানা সমস্যা নিরসনে, অধিকার আদায়ে এবং শিক্ষা-সংস্কৃতির বিকাশে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। রুমা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের এই নতুন কমিটি গঠনের খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নবগঠিত কমিটির নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
প্রতিবেদকের নাম 



















