
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন, মরিচ ও শাক-সবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিনামূল্যে বীজ, সার এবং আম, লিচুসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি ও বৃক্ষরোপণ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল হক নবা, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জীহাদ হোসেন ডিপটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ, সার এবং আম, লিচুসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
প্রতিবেদকের নাম 


















