
অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলগাছের ভেতরে পড়ে থাকা অবস্থায় গ্রেনেড দুটি দেখতে পান এক পথচারী। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় সাময়িক আতঙ্ক ও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড সদৃশ বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের মধ্যে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। বিষয়টি নজরে আসার পর তিনি দ্রুত এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়িতে দায়িত্ব পালনরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে অবহিত করেন।
খবর পাওয়ার পর এএসআই পলাশ দ্রুত বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। এরপর পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।
নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের প্রধান ফটক দিয়ে প্রবেশ ও বের হওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে বিমানবন্দরে আসা যাত্রী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের মসজিদ গেট খুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই গেট ব্যবহার করেই যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁদের উপস্থিতি সত্ত্বেও গ্রেনেড সদৃশ বস্তু দুটি কীভাবে সেখানে এল কিংবা কে বা কারা সেগুলো রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার করা বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি নির্জন ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
তিনি আরও জানান, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছিল। বিকল্প হিসেবে মসজিদ গেট দিয়ে যাত্রীদের চলাচলের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার প্রধান প্রবেশপথের পাশে কীভাবে এ ধরনের বস্তু রাখা হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে গ্রেনেড সদৃশ বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 



















