
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানার বিশেষ অভিযানে মাদক আইনের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাধারী পলাতক আসামি মো. আজগর আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার কালুপাড়া গ্রাম থেকে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আজগর আলী লালপুর উপজেলার গোপালপুর কালুপাড়া এলাকার মো. আ. জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক) ধারায় লালপুর থানায় রুজু হওয়া মামলা নং-৩০ (তারিখ: ৩০/১১/২০১৫ খ্রিঃ, জিআর নং-২৭১/১৪, এসসি মামলা নং-২০০/২০১৬) এর বিচারকার্য শেষে নাটোরের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত আসামির উপস্থিতিতে বা অনুপস্থিতিতে তাকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আদালত কর্তৃক সাজা প্রদানের পর থেকেই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
লালপুর থানার পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















