
এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান এলাকায় ধারালো ‘বার্মিজ চাকু’সহ তৌফিক হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক তৌফিক বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের বকুল মিয়ার ছেলে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে মহাস্থান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে পড়েন তৌফিক। তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উৎপল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে তৌফিক উদ্ধার হওয়া ধারালো চাকুটি নিজের বলে স্বীকার করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
এদিকে ছেলেকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তৌফিকের বাবা বকুল মিয়া। সেখানে তিনি ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই পরিবারের ওপর চাপ সৃষ্টি করে এবং পরিবারের সদস্যদের জিম্মি করে রাখার মতো পরিস্থিতি তৈরি করে।
বকুল মিয়ার অভিযোগ, মাদকের টাকার জন্য তৌফিক ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাতেও জড়িয়েছে। ছেলের এমন কর্মকাণ্ডে পরিবার যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, তেমনি এলাকায়ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।
নিজের সন্তান হলেও তার অপরাধের কোনো ছাড় চান না বাবা বকুল মিয়া। উপস্থিত পুলিশ ও স্থানীয়দের সামনে তিনি বলেন, ছেলে হলেও তার অপরাধের বিচার চাই। সমাজে শান্তি ফিরিয়ে আনতে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
একজন বাবার এমন কঠোর অবস্থানকে সাহসী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা শুধু একটি পরিবারকেই ধ্বংস করে না, এর প্রভাব পুরো সমাজের ওপর পড়ে। তাই মহাস্থানসহ আশপাশের এলাকায় মাদক, ছিনতাই ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদারের দাবি জানান তারা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মহাস্থান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আটক যুবকের কর্মকাণ্ড এবং তার বাবার বক্তব্য নিয়ে আলোচনা চলছে।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে উদ্ধার হওয়া ধারালো অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ বা মামলা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















