
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দসহ গাঁজাসেবনের অপরাধে ২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলার ধেরুয়াহাটি ও ডিঙ্গিরচর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া ‘ক’ সার্কেলের একটি যৌথ দলকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের সরঞ্জামসহ ধেরুয়াহাটি গ্রামের মোঃ বাদশা (৪৫) ও ডিঙ্গিরচর গ্রামের মোঃ রবিন মন্ডলকে (২৫) হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১নং আসামী বাদশাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ২নং আসামী রবিন মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক জব্দকৃত আলামত জনসম্মুখে ধ্বংস করা হয় এবং অভিযান শেষে এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করে ডিএনসি। একই দিনে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে জেলা মৎস্য বিভাগের সহযোগিতায় আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।
পরবর্তীতে বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 


















