
এইচ এম সবুজ, স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল এলাকায় বিদ্যুৎ উৎপাদন সাপোর্ট কেন্দ্রের অফিসে সংঘটিত দস্যুতা ও টাকা লুটের ঘটনায় এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ২৪ মে ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকায় অবস্থিত কে.সি.এস প্রজেক্ট সাপোর্ট সার্ভিস পরিচালিত ১৩২/৩৩ কেভি এআইএস সাব-স্টেশন বিদ্যুৎ কেন্দ্রের অফিসে সংঘবদ্ধ দস্যুতার ঘটনা ঘটে।ঈদুল আজহা উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য অফিসে রাখা নগদ ১৮ লাখ ৮০ হাজার টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা।
এ ঘটনায় বিদ্যুৎ প্রজেক্টের কর্মচারী সৌরভ কুমার নাথ বাদী হয়ে চকরিয়া থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা দায়ের করেন।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামী মো. কাদের প্রকাশ নুরু (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি সাহারবিল ইউনিয়নের গুরুইন্যাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।২৭ মে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে জনতা শপিং সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 


















