
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ৩০শে মে রাজধানীর জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে এক বিশাল ‘দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।আজ (২৯শে মে) কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও সভামঞ্চ নির্মাণ কাজ পরিদর্শনে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি মঞ্চের নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তানভীর আহমেদ রবিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে এই জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশনেতার শাহাদাত বার্ষিকীতে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাব। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধান অতিথির আগমনকে কেন্দ্র করে জুরাইন ও এর আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্মরণসভা, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণের এই ঐতিহাসিক কর্মসূচিটি সফল করতে এবং নির্ধারিত সময়ে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে উপস্থিত থাকার জন্য দলীয় সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 






















