
মোবারক হোসাইন, কক্সবাজার জেলা
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটম জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—উপজেলার পোকখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম পোকখালীর জিল্লুর রহমান (২৫) ও মো. কাইয়ুম (২৭) এবং ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ওয়াহেদর পাড়ার মো. নুরুল হুদা ভুট্টু (২৫)।
থানা সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিল। ভোর সোয়া ৩টার দিকে একটি মিনি টমটম দ্রুত গতিতে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ দল পিছু নিয়ে জালালাবাদ ইউনিয়নের এরশাদ স্টোরের সামনে টমটমটিকে থামায়। পরে তল্লাশি চালিয়ে তিনজনের কাছ থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রতিবেদকের নাম 



















