
নিজস্ব প্রতিবেদকঃ ধর্মের লেবাস ধরে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করতে দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ তৎপর। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। চিফ হুইপ বলেন, কিছু মানুষ ছোট একটি বিষয়কে বড় করে সামনে নিয়ে আসে। পরে সেটিকে ভুলভাবে প্রচারের চেষ্টা করে। তাদের অনেকে গুপ্ত বাহিনী ও বট বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা করবে। পাশের একটি দেশে বাংলাদেশের কিছু পলাতক ব্যক্তি আশ্রয় নিয়ে সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা সম্মিলিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে। নূরুল ইসলাম মনি দাবি করেন, হাদির খুনিও পাশের ওই দেশে আশ্রয় পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না জানিয়ে চিফ হুইপ বলেন, যারা তাদের সহযোগিতা করছে, সরকার তাদের চেনে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যে কোনো ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে। সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার শক্তিশালী অবস্থানে আছে। সংবিধান সংশোধনের বিষয়ে জানতে চাইলে নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। সংবিধানে আল্লাহর ওপর বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপনেরও চেষ্টা করা হচ্ছে। চিফ হুইপ বলেন, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং সেই মূল্যবোধ সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় কাজ করছে। তিনি আরও বলেন, সব ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে, সরকার তা নিশ্চিত করছে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শপু, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 

























