
জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর: সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি একটি ট্রাকের নিচ থেকে ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেইটের সামনে স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের দিকনির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. উছমান গনির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সন্দেহজনক একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালান।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪ নম্বরের ট্রাকটির চালক মো. কামরুল ইসলাম (৩০) ও তার সহকারী মো. রুহুল আমিনকে (৩০) জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সন্দেহ হলে বিধি মোতাবেক ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বালুর নিচে লুকিয়ে রাখা ৭১টি বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 



















