
সোহেল হাওলাদার, শরীয়তপুর: শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা, নিরাপত্তা ও আবাসন সমস্যা সমাধানে শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস স্থাপন এবং কলেজ বাস চালুর দাবি জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সরকারি শামসুর রহমান কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এ দাবি জানান। এ সময় ছাত্রদল নেতা রাহাত বেপারি ও স্বাধীন ঢালীর নেতৃত্বে শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রীবাস নির্মাণ এবং কলেজ বাস চালুর প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
ছাত্রদলের নেতারা জানান, কলেজে অধ্যয়নরত ছাত্রীদের আবাসন ও যাতায়াতের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অন্যদিকে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতেও ভোগান্তি পোহাতে হয়। এসব সমস্যা সমাধানে কলেজে একটি ছাত্রীবাস স্থাপন এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি কলেজ বাস চালু করা জরুরি।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণে সরকারি শামসুর রহমান কলেজ শাখা ছাত্রদল সব সময় সোচ্চার থাকবে।
প্রতিবেদকের নাম 


















