
আবদুল আজিজ সায়েম, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের হাজী বসির উল্লাহ সড়কে অগ্নিকাণ্ডে কাজী ফয়েজ উল্লাহর বাড়ির একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরটিতে থাকা মাইক্রোবাসচালক কাজী ইমন, তার মা ও ভাইয়ের বৌ নিঃস্ব হয়ে পড়েছেন।
জানা যায়, কাজী ইমনের বাবা নেই। তিনি মাইক্রোবাস চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে কক্সবাজার থেকে ভাড়ায় গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশে ফিরছিলেন ইমন। নোয়াখালীর কাছাকাছি পৌঁছালে রাত আনুমানিক ৩টার দিকে তিনি জানতে পারেন, তাদের ঘরে আগুন লেগেছে।
খবর পেয়ে দ্রুত বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে বাড়িতে পৌঁছাতে প্রায় ভোর ৪টা বেজে যায়। সেখানে গিয়ে তিনি দেখতে পান, আগুনে ঘরটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
পরিবারের দাবি, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিবারের সদস্যরা জানান, এই ঘরটিই ছিল তাদের একমাত্র আশ্রয়স্থল। অগ্নিকাণ্ডে ঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও ব্যবহার্য সামগ্রী পুড়ে যাওয়ায় তারা এখন চরম অসহায় অবস্থায় পড়েছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে স্থানীয় দানশীল ব্যক্তি, বিত্তবান ও সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছেও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 



















