
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: মোঃ মিজানুর রহমান: সারাদেশের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাতেও আজ বৃহস্পতিবার (২ জুলাই) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এ পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্রে প্রথম দিন কোনো ধরনের অপ্রীতিকর বা বিরূপ ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা শুরুর আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাঙ্গুনিয়ায় এবার এইচএসসি ও আলিম মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ১৮১ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ হাজার ৯৭৮ জন (নিয়মিত ১,৩৮৮ জন ও অনিয়মিত ৫৯০ জন)। এছাড়া আলিম পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ২০৩ জন (নিয়মিত ১৯৮ জন ও অনিয়মিত ৫ জন) তবে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন উপজেলার ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১,৫১৬ জন।
এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১,২৭২ জন উপস্থিত এবং ৪৩ জন অনুপস্থিত ছিলেন। অন্যদিকে আলিম পরীক্ষায় ১৯৮ জন উপস্থিত ও ৩ জন অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রথম দিনে ১,৪৭০ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ৪৬ জন অনুপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো বিরূপ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, কেন্দ্র সচিব, শিক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
প্রতিবেদকের নাম 


















