
মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিতরণকৃত আধুনিক ও উন্নত কৃষি উপকরণগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তুলতে হবে।
অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুরসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, লেবুর চারা, বিভিন্ন প্রজাতির বনজ-ফলজ গাছ এবং সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















