
মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নয়ন লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এদিকে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মো. আব্দুল্লাহ আল মানিক (১৮) নামে এক কিশোরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে এবং লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, প্রেমঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে। অপরাধের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ভরদুপুরে কলেজ ছাত্রকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 



















