
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ সাইদুল ইসলাম তানভীর: দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকট নিরসন এবং জ্বালানি খাতের অব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বরিশালের মেহেন্দিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেনের নেতৃত্বে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে পাতারহাটের প্রধান প্রধান বন্দর ও বাজারে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। লিফলেটে উল্লেখ করা হয়, দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের বর্তমান সংকটের পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও ভুল নীতির ভূমিকা রয়েছে বলে বিএনপি মনে করে। বিশেষ করে জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, দেশীয় গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়া, অবৈধ সংযোগ এবং সিস্টেম লসের কারণে এ খাতে সংকট আরও গভীর হয়েছে বলে দাবি করা হয়।
লিফলেটে আরও বলা হয়, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি, নতুন গ্যাসকূপ খনন, পাইপলাইন সম্প্রসারণ এবং জ্বালানি অবকাঠামোর উন্নয়ন জরুরি। একই সঙ্গে দুর্নীতি ও অপচয় বন্ধ করে জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।বিএনপির নেতৃবৃন্দ বলেন, জ্বালানি সংকটের প্রভাব সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর পড়ছে। এ সংকট থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার এবং জ্বালানি খাতে অনিয়ম বন্ধ করা প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা তৈরি এবং সংকট নিরসনের দাবি জনগণের কাছে তুলে ধরতেই তাঁদের এ কর্মসূচি। কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা জ্বালানি খাতের অব্যবস্থাপনা দূর করে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবেদকের নাম 



















