
মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন সুপারীওয়ালাপাড়া এলাকার বউ বাজারে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুটি স্টিলের তৈরি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ২টা ৫০ মিনিটের দিকে বউ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সালের নেতৃত্বে ও অপারেশন অফিসার মহসিন উদ্দিন রুবেলের সহযোগিতায় পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানে এসআই কাজী আবিদ হোসেনসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। এ সময় রাসেল ওরফে চেগা রাসেল (২৩), শরীফ (২৪) ও শাহাদাত ওরফে সাকা (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাসেল লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা, শরীফ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এবং শাহাদাতও ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি স্টিলের তৈরি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় ২২ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা ১৫ নম্বর মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, অপরাধ দমন ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
প্রতিবেদকের নাম 


















