
মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: বান্দরবানের থানচি উপজেলায় পাঁচ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তেজনায় উত্তাল হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আজ সোমবার (২৫ মে) বিকেলে জেলা শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাহাড়ে একের পর এক মা-বোন ধর্ষণের শিকার হলেও কোনো সুষ্ঠু বিচার মিলছে না। এরপর কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর ভরসায় না থেকে ‘গণধোলাইয়ের’ মাধ্যমে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শহরজুড়ে বিক্ষোভ মিছিল সোমবার বিকেলে বান্দরবান স্থানীয় রাজার মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দেন।
পাহাড়কে শান্ত রাখতে হলে বিচার নিশ্চিত করতে হবে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পাহাড়কে ওপর থেকে যতটা শান্ত মনে হয়, ভেতরে পরিস্থিতি ততটা শান্ত নয়। একের পর এক ঘটনার মাধ্যমে পাহাড়কে উত্তপ্ত করার চেষ্টা চলছে। যদি এই ধরনের অন্যায় ও নির্যাতন বন্ধ না হয়, তবে আগামীতে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠবে, যার দায় প্রশাসনকেই নিতে হবে।” পাহাড়ের শান্তি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
”ধর্ষকের কোনো জাত-ধর্ম নেই, একমাত্র শাস্তি ফাঁসি” সমাবেশে ছাত্র সমাজের প্রতিনিধিরা দেশের প্রচলিত আইনের কঠোর প্রয়োগ দাবি করে বলেন: ”ধর্ষকের কোনো জাত নেই, ধর্ম নেই; সে কেবলই একজন অপরাধী। পাহাড় ও সমতলের সব মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ধর্ষণকারীদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় কার্যকর করতে হবে।” পাশাপাশি, বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সাধারণ জনগণ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। উপস্থিত নেতৃবৃন্দ
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছো মং মারমা, বিশিষ্ট মানবাধিকার কর্মী ক্রিপা ত্রিপুরা (ভুলবশত সংবাদে ত্রিপা ত্রিপুরা এসেছে), পাহাড়ি ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উবা থোয়াই মারমা এবং হিল উইমেন্স ফেডারেশনের সদস্য এঞোসিং মারমাসহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে থানচির শিশু ধর্ষণের ঘটনায় জড়িত মূল অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেওয়া হয় সমাবেশ থেকে।
প্রতিবেদকের নাম 


















