
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিসিবি পরিচালক ও রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু।এ সময় তিনি বলেন, স্থবিরতা কাটিয়ে চট্টগ্রামের ক্রিকেটকে আবারও জাগিয়ে তুলতে এবং খেলোয়াড়দের প্রাক-মৌসুম প্রস্তুতির উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি। মাঠের ক্রিকেট যেন কখনোই থেমে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাকে চারটি জোনে ভাগ করে টুর্নামেন্টের চারটি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে স্থানীয় অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে উদীয়মান ক্রিকেটার রাখা হয়েছে।
টুর্নামেন্টে অংশ গ্রহনকারী দলগুলো হলো
ইস্পাহানী কর্ণফুলী, ফর্টিস ময়নামতি, ফিজআপ ভুলুয়া ও সাম্পান। আগামী ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ সেপ্টেম্বর হবে ফাইনাল। আয়োজকরা জানান, দর্শকদের জন্য প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস। পাশাপাশি ক্রিকহিরোজ অ্যাপে ম্যাচের বল-বাই-বল লাইভ স্কোর পাওয়া যাবে। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে পিএইচপি গ্রুপ, ইস্পাহানি গ্রুপ, ফোর্টিস গ্রুপ, বিসিবি পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদ, সিরাজউদ্দিন মো. আলমগীর, ইস্রাফিল খসরু, সাকিফ আহমেদ সালাম, বিসিবি কাউন্সিলর তাউছ বিন বেনী আমীন চৌধুরী এবং আবু সাদাত মো. সায়েম।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম, পিএইচপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, পিএইচপি গ্রুপের পরিচালক নাভিদ ইকবাল, বিসিবি কাউন্সিলর তাউছ বিন বেনী আমীন চৌধুরী এবং ইস্পাহানি টি ট্রেড লিমিটেডের সহকারী ম্যানেজার মো. ফতেহ আমিন তারেক।
সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
প্রতিবেদকের নাম 
























