
মোহাম্মদ ইয়াসিন,সাভার: সাভারে ৬টি মামলায় সাজাপ্রাপ্ত ও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. আবু সাঈদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্পের একটি দল গুলশান বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিন বাজার পুলিশ ক্যাম্পের এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি পান-সুপারির দোকানে ব্যবসা পরিচালনারত অবস্থায় আবু সাঈদকে আটক করা হয়। তিনি সাভারের আমিন বাজার ইউনিয়নের হিজলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একসময় আবু সাঈদের ৪ থেকে ৫টি ইটভাটা ছিল। ওই ব্যবসার সুবাদে ইটের দাদন বাবদ মোটা অঙ্কের লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে আমিন বাজার ইউনিয়নের শত শত মানুষের কাছ থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করেন তিনি। পরে টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর ব্যবসা গুটিয়ে ২০১৯ সাল থেকে আত্মগোপনে চলে যান।
ভুক্তভোগীরা পাওনা টাকা ফেরত না পেয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ৬টি মামলায় আদালত তাকে সাজা দেন। এ ছাড়া অন্যান্য মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন আবু সাঈদ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকের নাম 



















