
মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে স্বজনদের না জানিয়ে সিজার করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অপারেশনের পর নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসকের ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে বিচার দাবি করেছেন স্বজনেরা। সোমবার বেলা ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ডেল্টা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ওই হাসপাতালে নুপুর আক্তার (২০) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করেন চিকিৎসক শ্যামলী আক্তার। নুপুর সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ফাহিমের স্ত্রী। স্বজনদের অভিযোগ, নরমাল ডেলিভারি সম্ভব হলেও শুধু অর্থ আদায়ের উদ্দেশ্যে তাঁদের না জানিয়ে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। তাঁদের দাবি, অপারেশনের পর সুস্থ অবস্থায় জন্ম নেওয়া নবজাতকটির মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায়। ঘটনার দিন নুপুরের সঙ্গে হাসপাতালে আসা তার জা হামিদা বেগম বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে নরমাল ডেলিভারি করানোর কথা বলেছিলাম। কারণ নুপুরের নরমাল ডেলিভারি হওয়ার মতো অবস্থাই ছিল। পরে দায়িত্বে থাকা নার্স আমাদের পাশের একটি বেডে নিয়ে যাওয়ার কথা বলেন। সেখানে নরমাল ডেলিভারি করানো হবে বলে জানান। এরপর আমার জাকে সেখানে নিয়ে যাওয়ার পর আমাকে আর ভেতরে থাকতে দেওয়া হয়নি। এ সময় আমার সঙ্গে দুর্ব্যবহারও করা হয়।
তিনি আরও বলেন, ‘একটি সুস্থ-সবল বাচ্চা হয়েছিল। পরে তারা ভেতরে নিয়ে বাচ্চার পালসও পরীক্ষা করেছে। তখন পালস ১৪০ ছিল। সেই বাচ্চা কীভাবে মারা গেল? আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। নুপুরের স্বামী ফাহিম বলেন, ‘আমি এই ভুল চিকিৎসার বিচার চাই।’ এ বিষয়ে চিকিৎসক শ্যামলী আক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে এই ঘটনা এখনই শুনলাম। ঘটনাটি আসলেই খুব বেদনাদায়ক। অনেক কষ্টের পর একটি শিশু পৃথিবীতে আসবে অথচ তার মৃত্যু হবে এতে পরিবারটি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেল্টা হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগ শুনলাম, তা আমি অবশ্যই তদারকি করব। কারও কোনো গাফিলতি থাকলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রতিবেদকের নাম 


















