
এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না; বরং মানুষের সেবা করে যাবে। কোনো নোংরা জায়গায় থেকে টাকা উত্তোলন করবে না।’ পুলিশকে জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে এসব কথা বলেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী পিপিএম। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিআইজি বলেন, ৫ আগস্টের পর সবচেয়ে বেশি শাস্তির মুখে পড়েছে পুলিশ। পুলিশের অনেক কর্মকর্তা এখন কারাগারে বন্দি রয়েছেন, আবার অনেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এত কিছুর পরও পুলিশ আগের সময়ের তুলনায় ভালো নির্বাচন উপহার দিয়েছে। বর্তমানে পুলিশ আগের চেয়ে অনেক ভালোভাবে দায়িত্ব পালন করছে। পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
জেলার মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিআইজি বলেন, রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মাদকের উৎস ও সরবরাহের রুট চিহ্নিত করে কাজ করা হবে। মাদক কারবারের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা সচেতন হলে কিশোর গ্যাংয়ের বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব। শহরের কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে শুধু পুলিশের পক্ষে এ সমস্যা সমাধান সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবারকে আরও সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পুলিশের সদস্যরা ব্যাপক শাস্তির মুখোমুখি হয়েছেন। অনেক কর্মকর্তা কারাগারে রয়েছেন। অন্য কোনো ক্যাডারে এত বেশি শাস্তির নজির নেই বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে পুলিশ সদস্যরা আগের তুলনায় ভালোভাবে দায়িত্ব পালন করছেন। পুলিশের কার্যক্রম আরও জনবান্ধব করতে সবার সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন, পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, সিনিয়র সাংবাদিক মিলন রহমান, সবুর শাহ লোটাস, মির্জা সেলিম রেজা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


















